শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর নামক স্থানে গত সোমবার গভীর রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: পাবনার সাথিয়া উপজেলার হারিয়াহাট গ্রামের প্রিন্স, বেড়া উপজেলার শাহপাড়া গ্রামের নাজমুল হোসেন ও অটোরিকশার চালক রাজিব (২৮)। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে নিহত ব্যক্তিদের স্বজনেরা লাশ নিয়ে যায়।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অটোরিকশা মেরামত শেষে সোমবার গভীর রাতে চালক তিনজন যাত্রী নিয়ে বগুড়া থেকে বেড়ার উদ্দেশে রওনা হন। দিবাগত রাত আড়াইটার দিকে বিন্নাদাইরে অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিনজন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।