সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে সাত্তার মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।সাত্তার শ্যালকের হাতে খুন হন বলে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, উপজেলার ফেচুয়ামারা গ্রামের সাত্তার মণ্ডলের সঙ্গে তাঁর শ্যালক বাবু সর্দারের ৭১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে সাত্তার মণ্ডল পোরজোনা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবুর নেতৃত্বে খাজা প্রামাণিক, রমজান আলী, মতিয়ার রহমান, উজ্জ্বল হোসেনসহ ২৫-৩০ জন তাঁকে একটি মাঠের মধ্যে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সাত্তার মণ্ডলের অবস্থার অবনতি হয়। গতকাল তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় খাজা, রাজ্জাক, রমজান, মতিয়ার, উজ্জ্বলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওসি জানান, সাত্তারের স্ত্রী ভাওলা বেগম তাঁর ভাই বাবু সর্দারসহ ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।