শাহজাদপুরে হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গত সোমবার সকালে বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় আমোদ আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্র থেকে জানা গেছে, পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামের মৃধাপাড়ার আমোদ আলীর সঙ্গে বসতবাড়ি নিয়ে তাঁর চাচাতো ভাই ফকির মৃধার বিবাদ চলছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় চাচাতো ভাইদের সঙ্গে আমোদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফকির মৃধা দলবল নিয়ে আমোদ আলীর ওপর হামলা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর নিকটাত্মীয় আবদুস সাত্তার, রুহুল আমীন, শফিকুল ইসলাম, শেলি বেগম, কাজল বেগম ও আমোদ আলীর স্ত্রী সখিনা বেগম আহত হন।আহত আমোদ আলীকে প্রথমে স্থানীয় এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। রাত নয়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আমোদ আলীর স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।