শাহজাদপুরে ১৪৪ ধারা জারি, ছয় ঘণ্টা পর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি, হাট পাচিল, গোপালপুর ও চর কৈজুরি এলাকায় ১৪৪ ধারা জারির ছয় ঘণ্টা পরই আবার তা প্রত্যাহার করা হয়েছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ঘাতক দালাল নির্মূল কমিটি ও হেফাজতে ইসলাম গতকাল রোববার একই সময় ও একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু গতকাল দুপুর ১২টার দিকে উভয় পক্ষের নেতাদের সঙ্গে শাহজাদপুর থানায় বৈঠক হয়। এতে উভয় পক্ষের নেতারা সভা স্থগিতের সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।শাহজাদপুর উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল বিকেল তিনটায় কৈজুরি ইউপির মাঠে জনসভা ডাকে। একই স্থান ও একই সময়ে হেফাজতে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে সভা আহ্বান করে।