শাহজাদপুরে ২ মাসে ৩০০ গবাদিপশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খুরারোগ ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে গত দুই মাসে তিন শতাধিক গবাদিপশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে খামারিরা আতঙ্কিত। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মিল্ক ভিটা ও খামার মালিকদের সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় প্রায় সাড়ে তিন লাখ গবাদিপশু রয়েছে। গত ডিসেম্বর মাসের শেষের দিক থেকে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পোতাজিয়া, কায়েমপুর, রূপবাটি, গাড়াদহ, কৈজুরী ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের গবাদিপশুর মধ্যে খুরারোগ দেখা দেয়। এ রোগে আক্রান্ত হয়ে প্রথম দিকে গবাদিপশুর শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায় এবং মুখে, পায়ে ক্ষত তৈরি হয়। একসময় গবাদিপশুগুলো মারা যায়। এ পর্যন্ত এসব ইউনিয়নে তিন শতাধিক গবাদিপশু মারা গেছে। আকস্মিকভাবে এ রোগ ছড়িয়ে পড়ায় খামার মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার রেশমবাড়ী গ্রামের খামার মালিক আবদুস ছামাদ ফকির বলেন, এই গ্রামে গত দুই মাসে দুই শতাধিক গবাদিপশু মারা গেছে। আক্রান্ত হওয়ার পর গরুর শরীরের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়। কিছু খেতে পারে না। চিকিৎসা দেওয়ার পর হঠাৎই তাপমাত্রা একেবারে নেমে এসে পশুগুলো মারা যায়। নিজের খামারের পাঁচটি গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানান এই খামারি।
এ ছাড়া একই গ্রামের আক্কাছের ছয়টি, নূর বক্সের দুটি, আলমের তিনটি, মুন্নাফের তিনটি, বাবলুর চারটি, মতিয়ারের চারটি, আবুল হোসেনের পাঁচটিসহ আশপাশের দুই শতাধিক গরু মারা গেছে। খামারি আবদুস ছামাদ আরও বলেন, এর আগে খুরারোগে আক্রান্ত হলেও চিকিৎসায় গরু ভালো হয়েছে। কিন্তু এবার চিকিৎসাতেও ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না।
মিল্ক ভিটার আওতাধীন চিতুলিয়া গ্রামের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সহসভাপতি কায়েমপুর ইউনিয়নের চিতুলিয়া গ্রামের বাসিন্দা এরশাদ আলী বলেন, ‘গত এক সপ্তাহের ব্যবধানে এই গ্রামের ইকবাল হোসেন একটি, হাসান আলী দুটি, ফজলু মিয়ার দুটি, মোমিন মিয়ার দুটি গরু খুরারোগে মারা গেছে। আশপাশের কয়েক গ্রামের আরও অনেক গরু মারা গেছে। প্রতিবছর মিল্ক ভিটা কর্তৃপক্ষ ভ্যাকসিন দিলেও এবার ভ্যাকসিন দেয়নি। যে কারণে গবাদিপশু নিয়ে আমরা চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছি। গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুগুলো মারা গেলে আমরা নিঃস্ব হয়ে যাব।’ তিনি জানান, চিতুলিয়া গ্রামসহ আশপাশের এলাকায় আরও শতাধিক গরু মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, আক্রান্ত কয়েকটি গরুর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় প্রাণিরোগ গবেষণাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষায় ‘ও’ টাইপ (এফএমডি) ভাইরাস পাওয়া গেছে। এটি অত্যন্ত মারাত্মক। ২০০৮ সালে একবার দেখা গিয়েছিল। এবার ২০১৫-১৬ সালে আবার নতুন করে দেখা দিল। এই ভাইরাস সরাসরি গবাদিপশুর হৃৎপিণ্ড আক্রমণ করে। যে কারণে চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া কঠিন। তবে প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন দিলে এ রোগ থেকে নিষ্কৃতি পাওয়া সহজ। তিনি আরও বলেন, ইতিমধ্যে ঢাকা থেকে বেশ কিছু ভ্যাকসিন আনা হয়েছে। সরকারিভাবে গরুপ্রতি ১৫ টাকা পরিশোধ করতে হওয়ায় অনেক পশুর মালিক নিতে চান না। তারপরও প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীরা গ্রামে গ্রামে ঘুরে গবাদিপশুগুলোকে টিকা দিচ্ছেন। বেশির ভাগ গবাদিপশু মিল্ক ভিটার আওতাধীন হওয়ায় সবাই বিনা মূল্যে টিকা নিতে চাইছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে গতকাল শনিবার পর্যন্ত দেড় শ গরু মারা যাওয়ার তথ্য আছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে মিল্ক ভিটার বাঘাবাড়ী কার্যালয়ের কর্মকর্তা সমিতি ব্যবস্থাপক সাইদুর রহমান খুরারোগে বেশ কিছু গরু মারা গেছে বলে নিশ্চিত করে বলেন, ‘এ বছর দরপত্র আহ্বান না করায় ভ্যাকসিন কেনা যায়নি। জরুরিভাবে ভ্যাকসিন কেনার জন্য মিল্ক ভিটার ঢাকার প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হবে।’
িশবগঞ্জে এক মাসে মারা গেছে শতাধিক: আমাদের শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার বিভিন্ন গ্রামে চলতি জানুয়ারি মাসেই পাঁচ শতাধিক গরু খুরারোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শতাধিক গরু মারা গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
প্রাণিসম্পদ কার্যালয় ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা গেছে, খুরারোগ একধরনের ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এ রোগে আক্রান্ত গরুর প্রথমে জ্বর আসে। পরে মুখ থেকে লালা ঝরে। মুখ ও পায়ে ঘা হয়। পরে সেখানে পোকাও দেখা যায়। একপর্যায়ে আক্রান্ত গরু মারা যায়। এ জন্য আগেই গরুকে প্রতিষেধক দিলে খুরারোগ প্রতিরোধ করা অনেকটা সম্ভব।
চানপাড়া গ্রামের তাজমিলুর রহমান বলেন, গ্রামে তাঁর শ্বশুরের একটি ও চাচার তিনটি গরু এই রোগে মারা গেছে। গ্রামে আরও তিনটি গরু দুই সপ্তাহের ব্যবধানে মারা যায়।
কুড়াহার গ্রামের কৃষক আবু তালেব বলেন, ‘কয়েক দিন ধইরা হামার গরুডার জ্বর। জ্বরের ওষুধ খিলাছিনু, কিন্তু তা কুনো কামোত লাগল না। একদিন দেখনো মুখ আর খুরোত ঘাও। তখন ডাক্তারোক কনু। ডাক্তার ওষুধ দিল। সেডাও কামোত লাগল না। গত শুক্রবার গরুডা হামার মইরা গেল।’
চণ্ডীহারা গ্রামের আবদুল গোফফার বলেন, ‘অনেক চেষ্টা করেও খুরারোগের হাত থেকে গরুকে রক্ষা করতে পারলাম না। গ্রামে একের পর এক গরু আক্রান্ত হচ্ছে। এতে আমরা দিশেহারা হয়ে পড়েছি।’
পল্লিচিকিৎসক সাজাহান আলী বলেন, হঠাৎ করেই এই রোগের প্রকোপ বেড়ে গেছে। গত দুই সপ্তাহে তাঁর চিকিৎসায় থাকা আটটি গরু মারা গেছে। তিনি দাবি করেন, উপজেলায় এ মাসে ১০০টিরও বেশি গরু মারা গেছে। আর খুরারোগে আক্রান্ত গরুর সংখ্যা পাঁচ শতাধিক হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন বলেন, ‘এই রোগে মারা যাওয়া গরুর সঠিক সংখ্যা আমার জানা নেই। তবে খুরারোগে আক্রান্ত গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠকর্মীদের সজাগ রাখা হয়েছে।’ তিনি পরামর্শ দেন খুরারোগ দেখা দিলে প্রথমেই আক্রান্ত গরুগুলোকে সুস্থ গরু থেকে আলাদা করে ফেলতে হবে। আক্রান্ত গরুকে মাঠে বা বিক্রির জন্য হাটে বা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া ঠিক নয় বলে জানান তিনি।