শাহজাদপুরে ৩০ হাজার টন সার জমাট, নিতে চাইছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বন্দরে খোলা জায়গায় রাখা ২৮ হাজার ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আপৎকালীন (বাফার) গুদামে রাখা আড়াই হাজার টন ইউরিয়া সার জমাট বেঁধে গেছে। এ কারণে এগুলো কেউ নিচ্ছেন না।
কৃষি বিভাগ ও ডিলারদের সূত্রে জানা যায়, গত বছর চীন থেকে ইউরিয়া সার আমদানি করা হয়। এর মধ্যে আড়াই হাজার টন সার গুদামে তোলা হয়। গুদামে জায়গার অভাবে নদীর তীরে খোলা আকাশের নিচে আরও ২৮ হাজার টন সার মজুত করা হয়। এখন এসব সার জমাট বেঁধেছে। বিসিআইসি কর্তৃপক্ষ নদীর তীরে ঠিকাদারদের নিয়ন্ত্রণে থাকা জমাট বাঁধা সার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। ডিলাররাও এসব সার নিতে চাইছেন না। এ অবস্থায় ডিলাররা সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের কাছে জমাট বাঁধা সারগুলো গুঁড়া করে বস্তায় ভরে সরবরাহ করার দাবি করেছেন। এ নিয়ে গত মঙ্গলবার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালকের কার্যালয়ে জরুরি সভা হয়। সেখানে সারগুলো গুঁড়া করে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওয়াহেদুল ইসলাম বলেন, জমাট বাঁধা সার কৃষকেরা নিতে চান না। এ কারণে এগুলো গুঁড়া করে বস্তায় ভরে দেওয়ার জন্য কৃষি বিভাগের মাধ্যমে বিসিআইসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পরিবহন ঠিকাদারদের মধ্যে বাল্ক এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহান শাহ বলেন, খোলা আকাশের নিচে থাকায় এসব সার জমাট বেঁধেছে। এখন অতিরিক্ত টাকা খরচ করে এসব সার নতুন বস্তায় ভরতে হচ্ছে। এ বছরও জায়গা না থাকায় জাহাজ থেকে সার নামিয়ে বন্দরে ও নদীর তীরে মজুত করা হচ্ছে।
বন্দরে বিসিআইসির দায়িত্বে থাকা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, ঠিকাদারদের পরিবহন করা সার জমাট বেঁধে যাওয়ায় সেগুলো গ্রহণ করা হচ্ছে না। গুঁড়া করে আবার বস্তায় ভরার পর এগুলো গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আরশেদ আলম বলেন, ডিলারদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তাসহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি গুদামে থাকা আড়াই হাজার টন সার জমাট বাঁধা অবস্থায় পায়। তবে এগুলোর গুণগতমান ভালো রয়েছে। এগুলো গুঁড়া করে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নতুন আমদানি করা সার সরবরাহের জন্য বলা হয়েছে।