শাহজাদপুরে ৩৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ৩৩ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত দুটি গরুর মাংস থেকে এ রোগের বিস্তার ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের একটি তদন্ত দল গ্রামটি পরিদর্শন করেছে।তদন্ত দলের প্রধান শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এ রোগকে অ্যানথ্রাক্স বলে চিহ্নিত করা হয়েছে। এতে ৩৩ জন আক্রান্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। তবে নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে প্রতিনিধিদল শাহজাদপুরে পাঠানো হয়েছে। তাঁরা অনুসন্ধানের পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের ওষুধ দেবেন।সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামে গত ২৭ জুলাই একটি অসুস্থ ষাঁড় ও পরের দিন একটি অসুস্থ গাভি জবাই করা হয়। গরু দুটির মাংস গ্রামবাসীর মধ্যে কম দামে বিক্রি করা হয়। এর দুই দিন পর থেকেই মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থান, বিশেষ করে হাতে ও পায়ে গুটি দেখা দেয়। এর দু-এক দিন পর গুটিগুলো বড় হয়ে ফেটে ক্ষতের সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে পচন ধরে। আক্রান্ত ব্যক্তিরা চিকিত্সার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়।এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় থেকে চিকিত্সা কর্মকর্তা শরীফুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়। গতকাল তাঁরা আক্রান্ত রোগীদের দেখে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সের বিষয়ে নিশ্চিত হন।জবাই করা একটি গরুর মালিক আবদুস সালাম জানান, তাঁর একটি গরু অসুস্থ হলে স্থানীয় একজন পশু চিকিত্সককে জানান। কিন্তু দুই দিনেও তিনি গরুটি দেখতে না আসায় এটি দুর্বল হয়ে পড়ে। আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে তিনি গরুটি জবাই করে গ্রামবাসীর মধ্যে বিক্রি করেন। তিনি জানান, তাঁর স্ত্রী-ছেলেসহ মাংস কাটা ও রান্নায় জড়িত ১৫ জন এই রোগে আক্রান্ত হয়েছে। স্থানীয় বাবু সরকার বলেন, ‘আমি চামড়া কিনেছিলাম। চামড়া বহনের সময় এটি আমার সংস্পর্শে আসে। এতে আমার হাতের আঙুলে ঘা হয়ে গেছে।’এলাকাবাসীর অভিযোগ, গত বুধবার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম গ্রামে এসে খোঁজখবর নিয়ে ব্যবস্থাপত্র দিলেও কোনো ওষুধের ব্যবস্থা করেননি।জবাই করা অপর গরুর মালিক শাহ আলম মোল্লা জানান, মাংস রান্না ও কাটাকাটির সঙ্গে জড়িত ১৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। গ্রামের আবুল কালাম জানান, গত ১৫ দিনে দুটি গরু মারা গেছে। তবে টিকা দেওয়া গরুগুলো সুস্থ রয়েছে।নুরুল ইসলাম ওষুধ সরবরাহ না করার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এ রোগের চিকিত্সার জন্য সিপ্রোফ্লোক্সাসিন গ্রুপের ওষুধ সরকারিভাবে সরবরাহ না থাকায় দিতে পারিনি।’ শাহজাদপুর উপজেলা পশু পালন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, গরু দুটির হাড় সংগ্রহ করা হয়েছে। এগুলো ঢাকা পশুসম্পদ গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। তিনি বলেন, ‘এই রোগের আক্রান্ত পশুর মাংস যত তাপেই রান্না করা হোক, জীবাণুু ধ্বংস হয় না। আমরা গরুর টিকা দিয়ে যাচ্ছি।’ তিনি আরও জানান, ঢাকা থেকে তদন্ত দল আসছে। তারা দেখার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার বলেন, শুক্রবার (আজ) থেকে রোগাক্রান্ত ব্যক্তিদের সিপ্রোফ্লোক্সাসিন ওষুধ দেওয়া হবে।