শাহজাদপুরে ৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি গ্রামে সাতজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোগীরা হলেন উপজেলার চরকৈজুুরি গ্রামের মনজুয়ারা (২৫), বিলকিস বেগম (২২), সুফিয়া খাতুন (২৫), সোনেকা খাতুন (১১) এবং উল্টাডাব গ্রামের টোকোন আলী (৪০), আরিফুল ইসলাম (৩০) ও মো. শফিকুল (৩০)।
শাহজাদপুর প্রাণিসম্পদ কার্যালয় ও আক্রান্ত রোগীদের সূত্রে জানা গেছে, চরকৈজুরি গ্রামের মুকুল শেখ গত ২৫ আগস্ট তাঁর একটি অসুস্থ গাভি জবাই করে গ্রামেই কম দামে মাংস বিক্রি করেন। ওই গরুর মাংস কাটা ও ধোয়ার কাজ করেছেন এমন কয়েকজনের হাতে-পায়ে ঘা দেখা দেয়। একপর্যায়ে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা জানান, তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই জানান, ওই এলাকায় গত মার্চে গরুর টিকা দেওয়া হয়। কিন্তু ওই গাভিটি এর পরে হাট থেকে কেনা হয়েছিল। গরুটি অসুস্থ ছিল। এ থেকেই অ্যানথ্রাক্স ছড়ায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল আউয়াল জানান, সাতজন রোগীর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুজন হাসপাতালে আসেননি। অন্যদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও রোগী আছেন কি না তা শনাক্ত করার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।