শাহজাদপুরের খুশির দিনে শিলাইদহের কষ্ট!
সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল শুক্রবার যখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান চলছিল, ঠিক তখন কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি চত্বরে চলছিল আলোচনা সভা। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তাদের মুখে ছিল ক্ষোভ ও হতাশার কথা। কারণ, তাঁরা স্বপ্ন দেখেছিলেন শিলাইদহেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে।
কুষ্টিয়াবাসীর প্রত্যাশা পূরণে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এই কুষ্টিয়াতেই সরকারি-বেসরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিচ্ছি। এর কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হবে।’ মন্ত্রী আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কুষ্টিয়া শাখার শিল্পীরা ‘দেখা দিক আর-বার’ রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। শিল্পীরা একই সঙ্গে আরও দুটি গান শোনান।
সভার আলোচক ও গবেষক লালিম হক ক্ষোভের সঙ্গে তাঁর বক্তব্যে বলেন, ‘শিলাইদহের এই অনুষ্ঠানে মনঃপীড়া, মনোব্যথায় মানুষ সমাগম হয়নি। এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে না। কিন্তু তিনি (রবীন্দ্র) শিলাইদহে পরিচিত হয়েছিলেন।’
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার।
স্মারক বক্তা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও বিশিষ্ট গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, এই শিলাইদহে রবীন্দ্রনাথের প্রাণের যোগ ও নাড়ির টান রয়েছে। রবীন্দ্রনাথকে যে জনপদ প্রতিনিধিত্ব করে, সেটা শিলাইদহ। এটা আবেগ নয়, যৌক্তিক দাবি।
সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু রবীন্দ্রপ্রেমী ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয় কুঠিবাড়ি চত্বর। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেখানে বসেছে তিন দিনের রবীন্দ্র মেলা।
‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র-জন্মবার্ষিকীর এসব আয়োজন। প্রথম দিন দ্বিতীয় পর্বে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুরের বিভিন্ন গোষ্ঠী এবং সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অংশ নেন।