শাহজাদপুরের চারটি স্থানে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালাল নির্মূল কমিটি ও হেফাজতে ইসলাম একই স্থানে সভা আহ্বান করায় সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি, হাটপাচিল, গোপালপুর ও চর কৈজুরি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন জানান, উপজেলার কৈজুরি হাই স্কুল মাঠে ঘাতক দালাল নির্মূল কমিটি রোববার বেলা তিনটায় জনসভা আহ্বান করে। একই সময়ে ওই স্থানে সভা আহ্বান করে হেফাজতে ইসলাম। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চারটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টা থেকে এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।