শাহজামানকে আইনি সহায়তা দেবে জেলা লিগ্যাল এইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় এক বছর ধরে কারাগারে আটক মোহাম্মদ শাহজামানের মুক্তির জন্য আইনি সহায়তা দেবে জেলা লিগ্যাল এইড (আইনগত সহায়তা সংস্থা) চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করেছে সরকারি এই সংস্থা। আগামী রোববার আদালতে তাঁর জামিনের আবেদন করা হবে।
শাহজামানকে নিয়ে গতকাল প্রথম আলোয় ‘খুনির চেহারার সঙ্গে মিল থাকায় ১ বছর ধরে কারাগারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা এরশাদুল ইসলাম বলেন, শাহজামানকে নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
লিগ্যাল এইড চট্টগ্রামের প্যানেল আইনজীবী ইসকান্দর সোহেল প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি ও তদন্তে তাঁর জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। শুধু আসামি আবদুল মোতালেব ওরফে ওয়াসিমের চেহারার সঙ্গে মিল থাকায় তাঁকে ঘটনার পর গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর পরিবারের মামলা পরিচালনার সামর্থ্য নেই। রোববার আদালতে তাঁর জামিন আবেদন করা হবে।
২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম।
এদিকে মাহমুদা হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে গতকাল আদালতে ধার্য দিন ছিল। এ কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয় এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের। আদালত আগামী ৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
গতকাল আদালতের হাজতখানায় মামলার তদন্ত কর্মকর্তা কয়েকজন আসামির সঙ্গে কথা বলেন বলে পুলিশ সূত্র জানায়। তবে বিষয়টি অস্বীকার করেন তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান ।