শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানী গ্রামে মেধাবী স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ মামলার আসামি মো. শাহজামালকে গ্রেপ্তার এবং তার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শেরপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক প্রতিষ্ঠানের নেতারা অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সাধারণ সম্পাদিকা লুৎফা বেগম, প্রবীণ শিক্ষাবিদ মো. মুহসীন আলী, নিতাই লাল হোড়, এ এস এম মোক্তারুজ্জামান, কোহিনূর বেগম, শামছুন্নাহার নীরু প্রমুখ।সমাবেশে নেতারা বলেন, ‘ঘটনার দুই সপ্তাহ পার হলেও ধর্ষক শাহজামাল গ্রেপ্তার না হওয়ায় আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছি। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার অনেক ছাত্রী ও অভিভাবক নিরাপত্তার বিষয় নিয়ে আতঙ্কে রয়েছেন। অনেকে ভয়ে বিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছেন না। তাই আমরা এ ঘটনায় জড়িত ধর্ষকসহ সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পরে মহিলা পরিষদ নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।গত ২০ জুন সংখ্যালঘু হিন্দু পরিবারের এক মেধাবী স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের মতিউর রহমানের ছেলে মো. শাহজামাল। পরে মাথা ন্যাড়া করে তিন দিন পর মেয়েটিকে তার বাড়িতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।