শাহজালাল ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ফেব্রুয়ারি থেকে প্রায় পাঁচ মাসে নিয়মিত উপাচার্য দিতে পারেনি সরকার। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন দীর্ঘ সময় ধরে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করছেন।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যোগ্য শিক্ষক না পাওয়ায় উপাচার্য দিতে দেরি হয়েছে। তবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়াকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাঁর নামের সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য নিয়োগ করবেন। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিগগির নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, আগের উপাচার্য মো. সালেহ উদ্দিনের মেয়াদ শেষ হয় গত ২৫ ফেব্রুয়ারি। এর প্রায় এক মাস পর গত ২০ মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীনকে সাময়িকভাবে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, ‘পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের সাময়িক দায়িত্ব পালন করবেন।’তখন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, নিয়মিত উপাচার্যের জন্য যোগ্য শিক্ষক খোঁজা হচ্ছে। প্রায় একই সময়ে মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী, উন্মুক্ত ও গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই সময় সুনামের সঙ্গে দায়িত্ব শেষ করায় আগের উপাচার্য মো.সালেহ উদ্দিনকে মন্ত্রণালয় থেকে পুনরায় দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলেও তিনি আর রাজি হননি। আরও কয়েকজন শিক্ষকের কথা ভাবা হলেও সরকারের শেষ মেয়াদে কেউ দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না।শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন, অতিরিক্ত দায়িত্ব হলেও ইলিয়াস উদ্দীন উপাচার্যের কক্ষে নামফলকে নিজেকে উপাচার্য হিসেবে লিখেছেন। তিনি এটা করতে পারেন না।জানতে চাইলে কয়েক দিন আগে ইলিয়াস উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে তো আচার্যই নিয়োগ দিয়েছেন। তবে এগুলো (উপাচার্য হিসেবে নাম) আমি লিখি না, রেজিস্ট্রার লেখেন। তা ছাড়া মন্ত্রণালয় থেকে যত কাগজপত্র আসে, সেখানে তো উপাচার্য লেখা থাকে।’কবি নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রয়াত উপাচার্য খোন্দকার আশরাফ হোসেনের স্থলাভিসিক্ত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক অধ্যাপক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) আরেক অধ্যাপকের নাম প্রস্তাব করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, এ দুজনের একজনকে উপাচার্য করা হবে।