শাহজালাল ও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষ (২০১৩-১৪) থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা হচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি থেকে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ করে যেকোনো ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এতে একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী একটি মেধা তালিকা হবে। সেই তালিকার ক্রম অনুযায়ী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ফলে শিক্ষার্থীদের দুই ক্যাম্পাসে যাওয়ার ঝক্কি-ঝামেলা থাকছে না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনো এ উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। যশোর ও সিলেটের দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল একমত হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলো। আমরা আশা করছি, পরের বছর থেকে হয়তো আমাদের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয় যোগ দেবে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে উভয় বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকার আশঙ্কা থাকবে না।