শাহজালালে ভর্তি পরীক্ষা ২১ মার্চ
শাহজালাল ও যশোর বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে শাহজালালে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মার্চ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিল সূত্র জানায়, আজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৯তম সভা হয়। সভায় ২১ মার্চ সকাল সাড়ে নয়টায় ‘এ’ ও বেলা তিনটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
জানতে চাইতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত বছরের ৩০ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতে হওয়ার কথা ছিল। কিন্তু সমন্বিত পদ্ধতিতে এ দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ এ পদ্ধতিতে পরীক্ষা বাতিলের দাবিতে গত ২৫ নভেম্বর বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের একটি প্রতিনিধিদল বৈঠক করে। এ ছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক এবং সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদের নেতৃত্বে প্রগতিশীল দলগুলোর নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক করেন। সিলেটের বেশ কয়েকটি সামাজিক সংগঠনও সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নিলে পরীক্ষার দিন হরতালের হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৬ নভেম্বর বিকেলে বিশেষ একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিত করে।
ওই দিনই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী (পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক) ইয়াসমিন হক পদত্যাগ করেন বলে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে। পরে তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে রাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরদিন (গত বছরের ২৭ নভেম্বর) পুনরায় একাডেমিক কাউন্সিলের সভা ডেকে সমন্বিত পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।