শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফলের কাগজপত্র স্বাক্ষর করে তা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, যেকোনো মুঠোফোন নম্বর থেকে sustresultroll লিখে ৫৬৭৬ নম্বরে পাঠালে ফিরতি খুদেবার্তায় ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission/result-এ ভিজিট করলে ফলাফল জানা যাবে। ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ভর্ত্রিকমিটির সদস্যসচিব দীপেন দেবনাথ জানান, এবার ‘এ’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ৫৯৫ জন এবং ‘বি’ ও ‘বি’-১ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৭৩৫ জন শিক্ষার্থীর মেধা তালিকা এবং প্রকাশিত মেধা তালিকার তিন গুণ সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো চালু হওয়া মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় ৬৩টি আসনের মেধা তালিকা এবং এর তিন গুণ সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতি বিভাগে একজন আদিবাসী ও একজন মুক্তিযোদ্ধার সন্তান ভর্তি করানো হবে। ভর্তি ও ক্লাস শুরু-সংক্রান্ত তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।