শাহজালাল বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ১
শুল্ক গোয়েন্দারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ সেলিম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছেন। তিনি মুঠোফোন সেটের ব্যবসায়ী। উদ্ধারকৃত মুদ্রাগুলো সৌদি আরব, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের।শুল্ক গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, সোমবার রাত দুইটার দিকে সেলিম মিয়া ড্রাগন এয়ারে হংকং যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামের সন্দেহ হলে তাঁকে বহির্গমন লাউঞ্জ থেকে আটক করেন। পরে বিমান থেকে তাঁর স্যুটকেস নামিয়ে পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, স্যুটকেসের ভেতর বিশেষভাবে তৈরি করা পকেটে বিপুল অঙ্কের বিভিন্ন দেশের মুদ্রাগুলো লুকানো রয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া সেলিমের রাজধানীর ইস্টার্ন প্লাস মার্কেটে একটি মুঠোফোনের দোকান রয়েছে। গত বছরের অক্টোবর থেকে জুন পর্যন্ত তিনি ২০ বার হংকং গিয়েছেন বলে তাঁর পাসপোর্টে প্রমাণ পাওয়া গেছে।