শাহজালাল বিমানবন্দর থেকে ২৬ কেজি হেরোইন উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি মালামাল রাখার গুদাম থেকে ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়টি কার্টন থেকে এগুলো উদ্ধার করা হয়। এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিড়ির কিছু কার্টনে রাখা এ মালামাল গতকাল দুপুরে স্ক্যানিং করা হয়। এরপর তা চূড়ান্ত করে উড়োজাহাজে তোলার জন্য গুদামে রাখা হয়। খবর পেয়ে বিকেলে এপিবিএনের সদস্যরা একটি কার্টন খুলে তিনটি প্যাকেটে ছয় কেজি হেরোইন পান। বাকি কার্টনগুলো খুলে মোট ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। সূত্র জানায়, এসব পণ্য থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে আজ রোববার ভোরে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। ওমর অ্যান্ড ব্রাদার্স সিএফঅ্যান্ড এজেন্টের মাধ্যমে নাফা বিজনেস সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠান এগুলো মালয়েশিয়ায় রপ্তানি করছিল।