শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বিমানে আগুন লাগলে কীভাবে তা মোকাবিলা করা হবে, তার মহড়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বুধবার মহড়া চলার সময় প্রায় এক ঘণ্টা এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে এই মহড়ায় অগ্নিনির্বাপণ বাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও একাধিক হাসপাতাল অংশ নেয়। বাঁশের তৈরি একটি নকল বিমানে আগুন ধরিয়ে তা নেভানোর কাজে অগ্নিনির্বাপণ বাহিনীর আটটি ইউনিট, ১৫টি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার অংশ নেয়। বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খানসহ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমানসহ দেশীয় অন্যান্য বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও মহড়া পর্যবেক্ষণ করেন। পরে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিমানবন্দরগুলো অত্যন্ত নিরাপদ। কয়েক দিন আগে শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারফোর্সের একটি বিমান দুর্ঘটনাকবলিত হলেও সংশ্লিষ্টদের তৎপরতায় তাতে আগুন লাগেনি। আরোহীদের কারও কোনো ক্ষতি হয়নি।’ তবে বিমানবন্দরে আগুন নেভানোর যন্ত্রপাতির উন্নতি এবং অগ্নিনির্বাপণকর্মীদের আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মন্ত্রী মনে করেন।মহড়া শেষে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, এ ধরনের মহড়ার মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তা মোকাবিলা করা যায়।