শাহজালাল বিমানবন্দরে নয় ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানওয়েতে বড় ধরনের সংস্কারকাজের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টা থেকে সকাল আটটা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত প্রতি রাতে একই সময়ে নয় ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকবে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে কয়েক মাস আগেই বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী সবগুলো বিমান সংস্থাকে জানানো হয়েছে। ফলে সব বিমান সংস্থাই রানওয়ে সংস্কারকাজের সময় অনুযায়ী শীতকালীন ফ্লাইটসূচি করেছে। এ সময়ে দ্রুত যাত্রীসেবা দেওয়ার জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জনবল, অভিবাসন বুথ, শুল্ক ফটক বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর রাতের বেলা যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়ার কারণে যদি উড়োজাহাজকে জরুরি অবতরণ করতে হয়, তার জন্য চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েকে প্রস্তুত রাখা হয়েছে।বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) পরিচালক (সেফটি অ্যান্ড রেগুলেশন) উইং কমান্ডার এস এম নাজমুল আনাম বলেন, রানওয়ের সংস্কারকাজ খুবই জরুরি। এ সময়ে যাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন করতে না পারায় বিমান উড্ডয়ন-অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ১০ বছর ধরে ক্ষণস্থায়ী মেরামতের মাধ্যমে উড্ডয়ন-অবতরণের কার্যক্রম চলছিল। রানওয়ের শক্তি বৃদ্ধিসহ বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য ছয় বছর আগে ডেনমার্কের অর্থায়নে ৪১৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করতেই পার হয় কয়েক বছর। পরে ২০০৯ সালের ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে প্রকল্পের ব্যয় বেড়ে যায় ২২৮ কোটি টাকা। বর্ধিত এই টাকা ডেনমার্ক সরকার দিতে রাজি না হওয়ায় প্রকল্পটি ঝুলে যায়। সর্বশেষ বর্ধিত অর্থ বাংলাদেশ সরকার জোগান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ প্রকল্পের আওতায় ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, ভিজুয়াল গাইডেন্স, রাডার সংস্থাপন, ফ্লাইট-সংক্রান্ত তথ্য অবহিত করার জন্য একটি আধুনিক এফআইডিএস ইক্যুইপমেন্ট সংস্থাপন, এর জন্য ৯০টি এলসিডি মনিটর লাগানো এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমসহ (আইএলএস) বেশ কিছু কাজ করার কথা রয়েছে।