শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিমানবন্দরে প্রিয়জনের অপেক্ষায় এক স্বজন। কিন্তু মশার অত্যাচারে কি বসার জো আছে? তাই কয়েল জ্বেলে এ অত্যাচার থেকে রেহাই পাওয়ার চেষ্টা
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উৎপাত নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘শাহজালাল বিমানবন্দরে “যাত্রীসেবায়” জ্বলছে ধূপ’ শিরোনামে গত ২২ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তিন বছর আগে করা এক রিটের ধারাবাহিকতায় প্রতিবেদনটি যুক্ত করে সম্পূরক আবেদনটি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের ওপর মশার উৎপাত নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ বিষয়ে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন। পরবর্তী শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রেখেছেন আদালত।

এর আগে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ‘শাহজালাল বিমানবন্দর: মশার পরান বধিবে কে?’ শিরোনামে ও ‘ছেঁকে ধরে ঝাঁকে ঝাঁকে মশা’ শিরোনামে একই বছরের ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট সচিবসহ চার ব্যক্তির বরাবর আইনি নোটিশ পাঠালেও জবাব না পেয়ে ওই বছরের ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১২ মার্চ হাইকোর্ট রুল দেন। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।