শাহজালাল বিমানবন্দরে ১০ কোটি টাকার সৌদি রিয়াল আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পাচারের করার সময় ৫২ লাখ সৌদি রিয়াল আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
তবে এই বিপুল পরিমাণ অর্থ পাচারের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে দুবাইগামী বিমান বাংলাদেশের যাত্রীদের সব লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় একটি হ্যান্ডব্যাগের মধ্যে থাকা ৫২ লাখ সৌদি রিয়াল পাওয়া যায়। তবে ব্যাগটির ওপর কোনো ব্যক্তির নাম-ঠিকানা লেখা ছিল না এবং এর দায়িত্বও কোনো যাত্রী নেননি।
এ ঘটনায় বিভাগীয় মামলা করা হবে জানিয়ে উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকে এই অর্থ জমা হবে। তবে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এর তদন্ত চলবে।