শাহজালাল বিমানবন্দরে ১৮ কেজি সোনা আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার চোরাইপথে আসা সোনার চালান আটক করেছে শুল্ক বিভাগ। গতকাল শুক্রবার সকালে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটে আসা ১৮ কেজির সোনার চালান উড়োজাহাজ থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রী বহনকারী বাসের ভেতর থেকে আটক করা হয়। শুল্ক বিভাগ জানায়, উদ্ধার করা সোনার মূল্য সাত কোটি টাকার মতো। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারের ওই ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকট থেকে দুবাই হয়ে গতকাল ঢাকায় আসে। সেটি সকাল নয়টা সাত মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে যাত্রীদের একটি বাসে করে টার্মিনাল লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা ওই বাসে তল্লাশি চালান। বাসের চালকের পাশে একটি গর্তের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৫টি সোনার বার উদ্ধার করা হয়। বাসচালক কবির ফালানকে আটক করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, ইউনাইটেড এয়ারওয়েজের বাসচালকের ব্যাপারে তদন্ত করা হবে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইনে একটি মামলা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ জুলাই থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭ কেজি সোনা আটক করা হয়েছে। ৬ জুলাই কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ থেকে ২৫ কেজি, ২৪ জুলাই কাঠমান্ডু থেকে বিমানের আরেকটি উড়োজাহাজের ভেতর থেকে ১২৪ কেজি এবং ২০ আগস্ট হংকং থেকে আসা বিমানের যাত্রী দীপক কুমার আচার্যের কাছ থেকে আট কেজি সোনা আটক করা হয়।