শাহজালাল বিমানবন্দরে ৪৮০টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার রাতে ৪৮০টি কচ্ছপসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গ্রেপ্তার করা ব্যক্তির নাম পীর মোহাম্মদ (৪২)। তাঁর বিরুদ্ধে চোরাচালান ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের শাহজালাল বিমানবন্দরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গত রোববার রাতে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমানে করে পীর মোহাম্মদ কচ্ছপগুলো মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন। কাপড়ের পুঁটলিতে বাঁধা দুটি হাতব্যাগে কচ্ছপগুলো ছিল। পরিদর্শক মুস্তাফা জামালের সন্দেহ হলে তিনি ওই ব্যক্তির ব্যাগ পরীক্ষা করে কচ্ছপগুলো পান। পীর মোহাম্মদ সাম্প্রতিক সময়ে ছয়বার বাংলাদেশ সফর করেন বলে তাঁর পাসপোর্ট থেকে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কচ্ছপগুলো বিরল প্রজাতির সোনালি রঙের (গোল্ডেন) ভারতীয় স্টার টরটয়েজ। এগুলোর মাংসের অনেক দাম। আবার এগুলোর ওপরের খোলটাও সাজিয়ে রাখা হয়। খোলেরও অনেক দাম। ফলে এ কচ্ছপের চাহিদা বেশি।মুস্তাফা জামাল বলেন, পীর মোহাম্মদ তাঁদের জানিয়েছেন যে এগুলো ডাঙায় চলা কচ্ছপ। পানিতে দিলে মরে যেতে পারে। তাই ধরা পড়ার পরই পুঁটলি খুলে এগুলোকে বাইরে বের করে দেওয়া হয়। এখন পর্যন্ত কচ্ছপগুলো জীবিত রয়েছে।গতকাল সকালে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন রেঞ্জ কর্মকর্তা সেগুলো আগারগাঁওয়ে নিয়ে যান।