শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণকাজ ত্বরান্বিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।

শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজের অগ্রগতি (প্রথম পর্যায়/ প্রথম সংশোধিত) উপস্থাপনা প্রত্যক্ষ করে এই নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের সম্প্রসারণকাজের মোট অগ্রগতি ৩২ শতাংশ। ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতের কথা মাথায় রেখেই কাজগুলো এগিয়ে নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সরকারপ্রধান বাংলাদেশ বিমানের আয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।