সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছপদ্ধতির পরিবর্তে স্বতন্ত্র পদ্ধতিতে নেওয়ার দাবিতে গতকাল রোববার অনুষ্ঠিত এক গণপদযাত্রা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই থামিয়ে দিয়েছে পুলিশ। ‘সচেতন সিলেটবাসীর’ ব্যানারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অভিভাবকসহ ২১টি সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এ পদযাত্রার আয়োজন করে।
পুলিশের বাধা পেয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সড়কে বসে প্রতিবাদ সমাবেশ করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। এ সময় নেতারা ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবি জানান। অন্যথায় আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।
গতকাল বেলা ১১টার দিকে মদিনা মার্কেট মোড় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে গণপদযাত্রাটি রওনা দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রায় ২০০ গজ দূরে তপোবন আবাসিক এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে এ গণপদযাত্রা থামিয়ে দেয়। সমাবেশে ‘সচেতন সিলেটবাসী’র আহ্বায়ক ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর প্রমুখ বক্তব্য দেন।