শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলবে ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জানুয়ারি খুলবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়া, ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধসহ ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভা শেষে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া সিন্ডিকেট সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।
সভা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের ১৯০তম সভা শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ১৮ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলগুলো ১৭ জানুয়ারি খুলে দেওয়া হবে। ছাত্রদের আবাসিক হল খুলে দেওয়া হবে ১৮ জানুয়ারি সকাল ১০টায়। তবে ছাত্রদের আবাসিক হলগুলো খুলে দেওয়ার আগে কক্ষসমূহে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালানো হবে। ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব মুহাম্মদ ইশফাকুল হোসেনও প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দিনই সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।