গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত
শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে জাফর ইকবাল ও তাঁর স্ত্রীর পদত্যাগ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহমঞ্চদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের এক সভায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়। বেলা ১১টায় শুরু হয়ে বেলা তিনটায় এ সভা শেষ হয়। সভায় ৩০ নভেম্বর অনুষ্ঠেয় চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়। ওই তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
কিন্তু গুচ্ছ পদ্ধতিতে এই দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন ও স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। কয়েকটি সামাজিক সংগঠন গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলে পরীক্ষার দিন হরতালেরও হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিল।
ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক শাহ আলম বলেন, কবে কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।
এদিকে জাফর ইকবাল দম্পতির পদত্যাগের খবরে ক্যাম্পাসে হইচই পড়ে গেছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে গতকাল রাতে বিক্ষোভও করেন।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে জাফর ইকবাল দেশের সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ বিভিন্ন ফোরামে প্রস্তাব করে আসছেন। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বড় কোনো বিশ্ববিদ্যালয়ই এ প্রস্তাবে সাড়া দেয়নি। এ বছর তাঁর উদ্যোগে শাহজালাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় জাফর ইকবাল দম্পতি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে গতকাল রাত নয়টা পর্যন্ত জাফর ইকবাল দম্পতির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের স্টোর অফিসার জয়নাল আবেদিন বলেন, ‘স্যার ব্যক্তিগত কারণ দেখিয়ে একটি পদত্যাগপত্র বিভাগে রেখেছেন। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’