শাহজালাল বিশ্ববিদ্যালয় দিবস আজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম বিশ্ববিদ্যালয় দিবস আজ। ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি, বাংলা পয়লা ফাল্গুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করবেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। পরে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে মুক্তমঞ্চে কাটা হবে কেক।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, সম্প্রতি দুটি স্বনামধন্য বিদেশি গবেষণাপ্রতিষ্ঠানের গবেষণায় এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছে। এতে তাঁরা খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরাই প্রতিষ্ঠানটির প্রাণ।
উপাচার্য আশা করছেন, তাঁরা প্রচলিত নিয়ম-শৃঙ্খলা মেনে গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে যথাযথ ভূমিকা রাখবেন, যাতে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে আরও বেশি সুনাম অর্জন করতে পারে।