শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে। মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। গত সোমবার প্রথম আলোর ৫-এর পাতার সিলেট সংস্করণে ‘শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন’ শিরোনামে প্রতিবেদনটি ছাপা হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। গতকাল এই বহিষ্কারাদেশ মিসবাহ উদ্দিনের হাতে এসেছে। বহিষ্কারের কারণ সম্পর্কে আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি লঙ্ঘন করে শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণ প্রদর্শনের বিষয় প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।’এদিকে সংবাদ প্রকাশের কারণে প্রতিবেদককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার বিষয়টিকে ‘ক্ষমতার অপব্যবহারের নজিরবিহীন ঘটনা’ অভিহিত করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে গতকাল উপাচার্যের কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম সংবাদ প্রকাশের জের ধরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে সাময়িক বহিষ্কার করা হলো। এ ব্যাপারে গতকাল একাধিকবার যোগাযোগ করা হলেও ভারপ্রাপ্ত উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, উপাচার্যের নির্বাহী আদেশে তাঁকে বহিষ্কার করা হয়েছে।প্রতিবাদী অবস্থান: ‘মুক্ত-স্বাধীন সাংবাদিকতায় ক্ষমতার কালো থাবা—রুখে দাঁড়াও’ ব্যানারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে ঘোষিত ছয় দফা দাবি হচ্ছে—মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তথাকথিত হয়রানিমূলক তদন্ত কমিটি বাতিল, দুর্নীতি-অনিয়মের মাধ্যমে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত মোস্তফা কামাল মাসুদের নিয়োগ বাতিল, ছাত্রী নিগ্রহে জড়িত কর্মচারীদের সর্বোচ্চ শাস্তি এবং রক্ষাকর্তাদের কঠোর শাস্তি প্রদান, মুক্তচিন্তা ও গণমাধ্যমবিদ্বেষী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিবাদী সাংবাদিকদের পক্ষে ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাস প্রথম আলোকে বলেন, ‘আমরা ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।’ এই ছয় দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রলীগের কয়েকটি পক্ষ এবং বিশ্ববিদ্যালয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট।প্রথম আলোর বক্তব্য: প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছে। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৭৪তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রভাষক পদে নিয়োগের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৪। কিন্তু সম্প্রতি নিয়োগ পাওয়া শিক্ষক মোস্তফা কামাল মাসুদ এসএসসিতে ৩ দশমিক ৭৫ এবং এইচএসসিতে ৩ দশমিক ৯০ পেয়েছেন।প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবাদপত্র পাঠিয়ে বলেছে যে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৪-এর স্থলে জিপিএ ৩ দশমিক ৫০ করা হয়েছে। কিন্তু নীতিমালায় এই পরিবর্তন কবে করা হয়েছে, তা প্রতিবাদপত্রে উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো প্রতিবাদ গতকাল মঙ্গলবার গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।