শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলা, ভাঙচুর ককটেলের বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গতকাল মঙ্গলবার রাতে সশস্ত্র হামলা করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের অস্ত্র হাতে ধাওয়া করে এবং আবাসিক হল এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায়।
প্রধান ফটক এলাকায় অবস্থিত স্টেশনারি দোকান ফ্রেন্ডস মার্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, হরতাল-সমর্থক শিবিরের কর্মীদের ১৫-২০ জনের একটি দল রাত আটটার দিকে ফ্রেন্ডস মার্ট ও গোলাবী রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় ফটক এলাকায় ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয়। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। কিন্তু হামলাকারীরা ফ্রেন্ডস মার্টের ফটক ভেঙে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সমর্থ হয়। ততক্ষণে একাধিক কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিন পুড়ে যায়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে আটটার দিকে শিবিরের কর্মীরা ক্যাম্পাসে দা ও রড হাতে ছাত্রছাত্রীদের ধাওয়া করেন। সাড়ে নয়টার দিকে ছাত্রদের আবাসিক হলগুলোর সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ছাত্রলীগের কর্মীরা এসে সেখানে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ক্যাম্পাসে হামলা চালিয়েছে। প্রশাসনের নির্লিপ্ততার কারণেই এমনটা সম্ভব হয়েছে।