শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে শেষ করতে শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষা ভবনে জরুরি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।
প্রক্টর স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার কথা বিবেচনায় রেখে প্রক্টরিয়াল কমিটি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো হলো, ভর্তি পরীক্ষা চলাকালে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল করা যাবে না। কোথাও ব্যানার, পোস্টার, বুকলেট লাগানো ও বিতরণ করা যাবে না। সব ধরনের টেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধ রাখতে হবে এবং সব শিক্ষার্থীকে পরিচয়পত্র বহন করতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে এ বছর ৫৪ হাজার ৩৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটের ৬১৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। বি১ ইউনিটের (স্থাপত্যবিদ্যা ছাড়া ভৌতবিজ্ঞান, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে প্রকৌশলবিদ্যার বিষয়গুলোয়) ৯০০ আসনের জন্য আবেদন করেছেন ৩৩ হাজার ৩১৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। আর বি২ ইউনিটের (স্থাপত্যবিদ্যাসহ ভৌতবিজ্ঞান, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে প্রকৌশলবিদ্যার বিষয়গুলোয়) ৯০০ আসনের জন্য আবেদন করেছেন ২ হাজার ২৩৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় বি১ ও বি২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।