শাহজালাল বিশ্ববিদ্যালয়: অপেক্ষমাণ থেকে ভর্তি ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকার ভর্তি শেষে ‘বি’ ইউনিটে ৩৮৪টি আসন শূন্য রয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৭ ডিসেম্বর শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকা থেকে ভর্তি শেষে ৩৮৪টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ৩৩৪টি সাধারণ আসন ও ৫০টি বিভিন্ন কোটার আসন। ২৭ ডিসেম্বর শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ‘বি’ ইউনিটের ১ থেকে ৫৭৯ নম্বর ও স্থাপত্যের ১ থেকে ১২ ক্রমে থাকা শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার দিতে ডাকা হয়েছে। এ সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘ডি’–এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিয়াজ আহম্মেদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের চার কপি সদ্য তোলা রঙিন ছবি, এসএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কস শিট ও সনদ, এইচএসসি বা সমমান পরীক্ষার মার্কস শিট ও ভর্তির ফি বাবদ ৬ হাজার ৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ আনতে হবে। এ ছাড়া সব সনদ ও মার্কস শিটের দুই কপি করে ফটোকপি নিয়ে আসতে হবে।