শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শ্যামলী পরিবহনের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। গত শনিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। গতকাল রোববার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে ছাত্রকল্যাণ ও পরামর্শ উপদেষ্টা মো. ইউনুছ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটায় উপাচার্যের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠক শুরু হয়। চলে রাত নয়টা পর্যন্ত। বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো—শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা চাওয়া, বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী রাশেদসহ সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী চারজনকে চাকরিচ্যুত, ঘটনার দুঃখ প্রকাশ করে সাদা কাপড়ে (১০ গজ) কালো অক্ষরে লেখা ব্যানার শ্যামলী পরিবহনের সব কাউন্টারে সপ্তাহব্যাপী সাঁটানো এবং ভবিষ্যতে যাত্রী হয়রানি রোধে প্রতিটি কাউন্টারে অভিযোগ বাক্স স্থাপন ও ই-মেইলে অভিযোগের সুবিধা চালু করা। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ওই দিনের ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শ উপদেষ্টা মো. ইউনুছ। উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক এম এ গণি, সহকারী প্রক্টর আবদুল মুনিম জোয়ার্দার, দ্বীপেন দেবনাথ, মো. ফারুক উদ্দিন, শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পরিবহন শ্রমিকনেতা সেলিম আহমেদ, মুফতি নেহাল উদ্দিন প্রমুখ। শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা সত্যিই মর্মাহত। জড়িত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সবগুলো সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুল মুনিম জোয়ার্দার প্রথম আলোকে বলেন, শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া সবগুলো সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলা অব্যাহত থাকবে।গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম ও পাঁচ শিক্ষার্থীকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় শ্যামলী পরিবহনের কাউন্টারে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে মদিনা মার্কেট এলাকার সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।