শাহজালাল বিশ্ববিদ্যালয় দিবস আজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টায় কেক কেটে দিবসের সূচনা করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পরে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। বিকেলে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়টির আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রশাসন আন্তরিক রয়েছে। ছাত্র ও ছাত্রীহল, শিক্ষা ভবন, লেক, সিনেট ভবন, আইটি ভবনসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।