সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকে অচল করার পেছনে জামায়াত-শিবিরকে দায়ী করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল শুক্রবার রাতে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।রাত আটটায় নগরের হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে একান্তে কথা বলেন। সভা শেষে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গত প্রায় পক্ষকালের ধর্মঘট পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘১১ জানুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযম গ্রেপ্তার হন। ওই দিন থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির পরিকল্পনায় জামায়াত-শিবির তৎপর হয়েছে।’মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বক্তব্য দেন।সিলেটে আইভীর নাগরিক সংবর্ধনা আজ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আজ শনিবার নাগরিক সংবর্ধনা দেবে সিলেট সিটি করপোরেশন। বিকেল চারটায় সুরমা নদীর তীরে কিন ব্রিজের কাছে নাগরিক সংবর্ধনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন।