শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান ছাড়াও জাপান, ইতালি, মালয়েশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ সম্মেলনে অংশ নেবে।আজ সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ দ্বিতীয়বারের মতো ‘কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং, রিচার্স, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শিরোনামে এই সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে প্রথম আলো, শেভরন ও এনার্জি প্রিমা লিমিটেড। গতকাল বিকেল চারটায় এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ ইকবাল এবং সদস্যসচিব পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক আহমেদ।