শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষ দিন ১০টি কারিগরি অধিবেশনে প্রকৌশল ও প্রযুক্তিবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেন শতাধিক গবেষক। এ নিয়ে তিন দিনে প্রায় ৩৫০ জন গবেষক ৩৮০টির মতো প্রবন্ধ উপস্থাপন করলেন।গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শিল্পপ্রতিষ্ঠান ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ অধিবেশনের। ‘কীভাবে প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধ সৃর্িষ্ট করা যায়’ শিরোনামে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।বিশেষ অধিবেশনে আলোচনায় অংশ নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবদুল গাফ্ফার খান, কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার রিসার্চ ফেলো মনজুর চৌধুরী, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক আহমেদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান পি কে সাধু খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সিলেটের সভাপতি মহিউদ্দিন আহমদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আর এম জামালউদ্দিন, সিলেটের কুমারগাঁও ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী নিজামউদ্দিন আহমদ প্রমুখ।আলোচকেরা বলেন, ‘বিদেশের গবেষণায় একটি সমস্যাকে সত্যিকার অর্থে সমাধানের চেষ্টা করা হয়। আমাদের দেশে গবেষণাগুলো সমস্যাকেন্দ্রিক নয়। আর এটাই হচ্ছে বাংলাদেশ ও বিদেশের গবেষণাগুলোর মূল পার্থক্য। এ পার্থক্য ঘুচে গেলে গবেষণাক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক মান অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানে গবেষণা ও উন্নয়নের ওপর আলাদা একটি বিভাগ থাকা উচিত।’মনজুর চৌধুরী বলেন, ‘বাংলাদেশে প্রকৌশল শিক্ষার মূল সমস্যা হচ্ছে শিল্পপ্রতিষ্ঠান থেকে শিক্ষার দূরত্ব। প্রকৌশল শিক্ষা এমনভাবে সাজানো উচিত, যেন এতে দেশের শিল্পপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সংশ্লিষ্টতা থাকে। সমাজের প্রয়োজন মেটানোই আমাদের প্রকৌশল শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত।’ শিক্ষাবিদ পি কে সাধু খান বলেন, ‘শিল্পক্ষেত্রের সমস্যাগুলোর সমাধানের জন্য প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞদের এক কাতারে দাঁড়িয়ে কাজ করা উচিত। এতে উভয় পক্ষই উপকৃত হবে।’বিশেষ অধিবেশন শেষে বিকেলে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত গবেষক-প্রকৌশলী-শিক্ষাবিদদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ দর্শনীয় স্থানগুলো দেখানো হয়। সন্ধ্যা ছয়টায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। সাড়ে সাতটায় সমাপনী অনুষ্ঠান হয়। এতে অতিথি ছিলেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মো. কবির হোসেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। রাত আটটায় উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় গালা ডিনারের মাধ্যমে শেষ হয় গবেষক, প্রকৌশলী ও শিক্ষাবিদদের মিলনমেলা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।‘কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং, রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শিরোনামে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। সহযোগিতা করে প্রথম আলো ও এনার্জি প্রিমা লিমিটেড।