শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি পালন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা আজ সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। তবে সব বিভাগের পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত ছিল। কর্মবিরতি শেষে তাঁরা মিছিল ও সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি তাঁদের সমাবেশে অংশ নিয়ে বক্তৃতায় বলেন, ‘আপনাদের যদি সমস্যা হয়, তাহলে আমি থাকব না, চলে যাব। তবে যাওয়ার আগে দেখে যেতে চাই, আপনারা মাথা তুলে দাঁড়িয়েছেন। এর আগেও এখান থেকে আমাদের তাড়ানোর চেষ্টা করা হয়েছে। সেটা হয়েছে বিএনপি-জামায়াত সরকারের আমলে। মুক্তিযুদ্ধের বিরোধীরা সেটা করেছে। এখন চলে গেলেও সান্ত্বনা থাকবে, মুক্তিযুদ্ধে পক্ষের বলে দাবিদারদের সময়ই চলে গেলাম।’
সমাবেশে অধ্যাপক জাফর ইকবাল আরও বলেন, ‘এর আগে আপনাদের কর্মসূচিতে আমি কখনো আসিনি। কারণ সব সময় বলা হয়, আমি এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। রাজনীতি করছি। তাই আপনাদের দাবির প্রতি সমর্থন থাকলেও আমি আসতাম না। কিন্তু যখন শিক্ষকদের ওপর হামলা করা হলো, তখন আর বসে থাকতে পারলাম না।’ জীবনের সুবর্ণ সময় এখানে কেটেছে—উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে উৎপাদনশীল সময় এই বিশ্ববিদ্যালয়ে কেটেছে। তাই যখন দেখি, বিশ্ববিদ্যালয়টা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। এখন বুড়ো হয়ে গেছি, আর সহ্য করতে পারি না।’
উপাচার্যবিরোধী চলমান আন্দোলন নিয়ে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘এটা বোকাদের আন্দোলন। এর মতো বোকাদের সমাবেশ আর নেই। ক্লাস-পরীক্ষা সবকিছু ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে, আবার আন্দোলনও হচ্ছে—এই দেশে এভাবে কখনো দাবি আদায় হয় না। এমন অহিংস আন্দোলন কর্মসূচি দেখে মহাত্মা গান্ধীও লজ্জা পেতেন। অথচ এই আন্দোলন কর্মসূচির বিরুদ্ধেই ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে।’
সমাবেশে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর নেতারা বক্তব্য রাখেন।
কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন করছে ছাত্রলীগ।
শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ আগস্ট এক নির্দেশনায় আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন বন্ধ রেখে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে বিশ্ববিদ্যালয় সচল রাখার আহ্বান জানিয়েছিল। গতকাল রোববার সকালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হন উপাচার্য মো. আমিনুল হক ভুইয়া।
আরও পড়ুন: