শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠা শিক্ষককে বরখাস্তের দাবিতে ডাকা ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তিনটি বিষয়ে আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন তাঁরা। ফলে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যৌন হয়রানির অভিযোগ ওঠা ওই শিক্ষক চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের স্নাতকোত্তর শেষ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নিতে পারবেন না, অভিযোগের পুনঃ তদন্ত করা এবং রেজিস্ট্রারের মাধ্যমে অভিযোগটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে পাঠানো—এ তিনটি বিষয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দফায় দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।
মুঠোফোনে যোগাযোগ করা হলে যৌন নিপীড়নবিরোধী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আহ্বায়ক শরীফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আন্দোলন স্থগিত হওয়ায় আজ সকাল আটটা থেকে চলছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। পাশাপাশি লোকপ্রশাসন বিভাগের মাসব্যাপী চলতে থাকা অচলাবস্থার অবসান হলো।
এর আগে একই দাবিতে ‘যৌন নিপীড়নবিরোধী শাবিপ্রবির শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গত বৃহস্পতিবার প্রথম দফা ধর্মঘট পালনের পর রোববার সকাল আটটা থেকে আবারও ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছিলেন তাঁরা।
৮ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও কর্মচারী সালেহ আহমদের বিরুদ্ধে বিভাগের নয়জন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে অভিযোগ দেন। ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় যৌন হয়রানির অভিযোগ ওঠা লোকপ্রশাসন বিভাগের কর্মচারী সালেহ আহমেদকে বরখাস্ত, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমাকে পদাবনতি ও শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে এক বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা যথেষ্ট নয় দাবি করে তাঁকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।