শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। তবে এ মানববন্ধনে নিয়মবহির্ভূতভাবে বাধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সালেহ আহমদ আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গতকাল দুপুরে ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এর সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টর এসে এতে বাধা দেন। শিক্ষার্থীরা বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রক্টরীয় নীতিমালা অনুসারে মানববন্ধন করতে হলে অনুমতি নিতে হয়।তবে শিক্ষার্থীরা জানান, প্রক্টরীয় বিধিমালায় কোথাও মানববন্ধন সম্পর্কিত প্রক্টরের অনুমতির ব্যাপারটি উল্লেখ নেই।এ ব্যাপারে প্রক্টর এস এম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘...আমি বলছি তাই অনুমতি নিতে হবে। প্রক্টরিয়াল নীতিমালায় সবকিছু লেখা থাকবে কেন?। তোমাদের যা ইচ্ছা পত্রিকায় লিখে দিও।’ প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ওই শিক্ষার্থীরা শিক্ষক সালেহ আহমদ আবদুল্লাহর বিএএন-২৭২ কোর্সটির সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, ২৩ আগস্টের মধ্যে তাঁদের দাবি না মানা হলে আন্দোলনে যাবেন তাঁরা। এরই ধারাবাহিকতায় গতকাল মানববন্ধন করতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। জানা গেছে, ২৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের দাবি না মানা হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।