শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও কটূক্তির দায়ে ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শেষ সেমিস্টারের এক ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ওই ছাত্রের বহিষ্কারাদেশ ‘অন্যায় ও পক্ষপাতদুষ্ট’ দাবি করে দ্রুত সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ও প্রশাসনের একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার সিন্ডিকেটের ১৮৬তম সভায় খালিদ হোসেন নামের ওই ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। খালিদ এবং শফিকুল ইসলাম নামের তাঁর আরেক সহপাঠীর বিরুদ্ধে গত ২০ মে এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও কটূক্তির অভিযোগ আনা হয়েছিল।
এ অভিযোগের পরপরই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। খালিদের দুই বছরের বহিষ্কারাদেশের পাশাপাশি ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় শফিকুলকে সতর্ক করে ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করার আগেই ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়লে ব্যবসায় প্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে খালিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী জানান, তদন্ত কমিটির প্রধানের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা দেখা করতে গেলে তিনি নিজেও স্বীকার করেছেন, দুর্ব্যবহারের অপরাধ এত বেশি হতে পারে না। কিন্তু শিক্ষকদের বিরুদ্ধে কথা বলার শাস্তি দৃষ্টান্তমূলক করে রাখতেই দুই বছরের জন্য ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।