মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধের ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কার্টুন এবং আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অস্থায়ী স্বাধীনতা ভাস্কর্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ও ছাত্রসংগঠন। এরপর মুক্তিযুদ্ধের ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় ‘স্বাধীনতার ৪০ বছর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী। আলোচক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক উদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার দাস। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. সালেহ উদ্দিন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তাঁর সাক্ষ্য দেওয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাজের গতি, নিরাপত্তা ও সামগ্রিক বিষয় নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। অধ্যাপক নারায়ণ সাহার সভাপতিত্বে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক এস এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন সরদার প্রমুখ। বক্তারা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।