শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর শাস্তি যথাযথ হয়নি দাবি করে তাঁকে বরখাস্তের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবারের মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।  

প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় কর্মচারী সালেহ আহমদকে প্রত্যাহার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানকে পদাবনতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনকে এক বছরের জন্য সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সভার সিদ্ধান্ত না জানিয়েই উপাচার্যসহ সিন্ডিকেটের সদস্যরা বের হয়ে যান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। রাত ১১টার দিকে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ সময় সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর ১২টার দিকে অভিযোগ ওঠা শিক্ষককে বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত যথাযথ নয় দাবি করে ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে তাঁদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুসারে আজ বুধবারের মধ্যে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত না করা হলে কাল বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন। 

এদিকে শিক্ষার্থীদের সমাবেশ চলাকালে বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকবৃন্দ’-এর একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করে সমাবেশস্থল দিয়ে বের হচ্ছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ‘নিপীড়কের দালালেরা হুঁশিয়ার, সাবধান’ বলে স্লোগান দিতে থাকেন। তখন ওই শিক্ষকেরা সমাবেশস্থলে গিয়ে এ ধরনের স্লোগান দেওয়ার কারণ জিজ্ঞেস করেন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষক প্রতিনিধিদল বিষয়টি অবহিত করতে আবারও উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বলেন, ওই শিক্ষকেরা নিপীড়ক শিক্ষকের পক্ষ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করায় তাঁরা এ স্লোগান দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকবৃন্দের আহ্বায়ক সাজেদুল করিম প্রথম আলোকে বলেন, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলো নিয়ে গতকাল রাতে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও আজ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন তথ্য প্রকাশিত হয়, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। বিভ্রান্তিকর তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করতে উপাচার্যের কাছে গিয়েছিলাম।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি

আজ বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত সম্পর্কে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ কর্তৃপক্ষের নজরে এসেছে। এতে সবার জ্ঞাতার্থে সিন্ডিকেটের ছয়টি সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো: অভিযোগ ওঠা কর্মচারীকে বিভাগ থেকে প্রত্যাহার, সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে পদাবনতি, শিক্ষক নাসির উদ্দিনকে এক বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা, বিভাগের সব শিক্ষককে একাডেমিক দায়িত্বশীলতা ও ছাত্রছাত্রীদের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে বলা, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের সতর্ক করা, বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন গৃহীত।  

৮ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও কর্মচারী সালেহ আহমদের বিরুদ্ধে বিভাগের নয় ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।