শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধপল্লিতে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল মঙ্গলবার দুপুরে মৌন মিছিল ও সমাবেশ হয়েছে।এদিকে গতকাল দুপুরে নগরের চৌহাট্টা মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) ও শ্রীচৈতন্যের পুণ্যভূমি সিলেটের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোনো ষড়যন্ত্রকারী অপশক্তি আমাদের এই সমপ্রীতির বন্ধনে আঘাত হানলে প্রতিহত করব।’ এর আগে নগরে একটি সম্প্রীতির শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় সমাবেশে মিলিত হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রামু, উখিয়া ও পটিয়ায় সংঘটিত ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে গতকাল বেলা পৌনে একটার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক আবুল হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিলে অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য দেন উপাচার্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক। সমাবেশে উপাচার্য বলেন, ‘রামু, উখিয়া ও পটিয়ার ঘটনা গোটা জাতিকে কলঙ্কিত ও লজ্জিত করেছে। এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’চৌহাট্টা মোড়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।