শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের দাবি তুলে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়াকে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উত্তম কুমার দাশ দাবি করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল এবং রসায়ন বিভাগে অনিয়ম করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কয়েকজনকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে যোগ্যদের বাদ দিয়ে অধিকতর কম যোগ্য প্রার্থীদের জন্য সুপারিশ করা হয়েছে। এরই প্রতিবাদে আন্দোলন চলছে।

আজ বেলা ১১টার দিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া, পোষ্য কোটাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে বৈঠক আহ্বান করা হয়েছিল। কিন্তু উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ায় এখন পর্যন্ত সিন্ডিকেটের কোনো সদস্য ভেতরে প্রবেশ করতে পারেননি।

উপাচার্যকে অবরুদ্ধ করার তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, অবরোধকারী শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলছে।


সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন
অনিয়ম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পোষ্য কোটা চালুর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজ সকালে ক্লাস শুরুর পর তাঁরা এই মানববন্ধন কর্মসূচি শুরু করেন।
‘আমাদের সাস্ট আমাদের গর্ব—সাস্টে মেধার লড়াই হবে, কোটার লড়াই নয়’ নামের ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একত্র হয়ে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।