শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত প্রায় ১১টা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের ৪০২ নম্বর কক্ষের বাসিন্দাদের মধ্যে কেবল এ্যানী নেই। ঘণ্টাখানেকের মধ্যেও তাঁর দেখা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন সহপাঠীরা। একপর্যায়ে সহপাঠীরা দারোয়ানের সহায়তায় ছাত্রীনিবাসের স্নানকক্ষের দরজা ভেঙে দেখতে পান গলায় ওড়না পেঁচানো এ্যানী ঝুলে আছেন।জানা গেছে, সায়মা সুলতানা ওরফে এ্যানী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মদিনা মার্কেট এলাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা ছাত্রীনিবাসের স্নানকক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাত ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।সায়মার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। বাবা মোখলেসুর রহমান ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করেন। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।সহপাঠীরা জানান, রাতে এক বান্ধবীর জন্মদিন পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। ওই সময় সায়মা ছাত্রীনিবাসের সিঁড়িতে বসে মুঠোফোনে কথা বলছিলেন। কথা শেষ করার পর বান্ধবীদের গোসল করার কথা বলে তিনি স্নানকক্ষে ঢোকেন। লাশ উদ্ধারের পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ ইয়াসমীন হক বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সায়মার মোবাইল ফোনসেট জব্দ করেছে।গতকাল দুপুরে হাসপাতালে লাশ নিতে আসেন সায়মার বাবা। তাঁর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। শোকে মুহ্যমান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বসে ছিলেন হাসপাতালের বারান্দায়। বিভাগীয় প্রধান মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘কোনোভাবেই ছাত্রীটির আত্মহনন মেনে নিতে পারছি না।’আমাদের ত্রিশাল প্রতিনিধি জানান, গতকাল সায়মার লাশ ত্রিশালে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাত ১০টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।