শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের হামলায় পাঁচজন কর্মচারী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গতকাল বুধবার সকালে ওই হামলার পর ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। আহতরা হলেন উপাচার্য দপ্তরের অফিস সহকারী মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ দপ্তরের অফিস সহকারী মনজুরুল হক, রেজিস্ট্রারের দপ্তরের অফিস সহকারী রমজান আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অফিস সহকারী আবদুল অদুদ এবং রসায়ন বিভাগের গবেষণাগার সহকারী আবদুল মজিদ।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যাত্রীছাউনি থেকে ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে গতকাল সকাল পৌনে নয়টায় আকস্মিক মিছিল বের হয়। ১৫-২০ জনের মিছিলটি গোলচত্বর প্রদক্ষিণকালে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে ছাত্রলীগ। ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যাওয়ার সময় শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি বাসে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় বাসের আরোহী পাঁচ কর্মচারী আহত হন। একই সময় ক্যাম্পাস থেকে শহরগামী আরও দুটি বাসে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রদল। এতে কেউ আহত না হলেও আতঙ্কে চালকেরা পালিয়ে যান। খবর পেয়ে প্রক্টর ও অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন।প্রশাসনের জরুরি বৈঠক শেষে প্রক্টর হিমাদ্রী শেখর রায় গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ ২৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আগে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা কারও ওপর হামলা করিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগ আমাদের মারধর ও ধাওয়া করে। ২৩ নভেম্বরের মধ্যে এ ঘটনার বিচার না হলে ভর্তি পরীক্ষার দিন (২৪ নভেম্বর) ধর্মঘট ডাকা হবে।’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাঈম হাসান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বানচাল এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার উসকানিতে ছাত্রদল এ হামলা চালিয়েছে। জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত দাস বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।