শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে এই অবরোধ সৃষ্টি করা হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী শতাধিক গাড়ি আটকা পড়ে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী পরিবহনের সিলেট শহরগামী বাসও আটকা পড়ে। অবরোধের সময় শিক্ষার্থীরা ‘অবিলম্বে গতিরোধক স্থাপন করো’, ‘নিরাপদে রাস্তা পার হওয়ার নিশ্চয়তা চাই’সহ বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘চার মাস ধরে দাবি জানিয়ে, স্মারকলিপি দিয়েও কাজ না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, মরতে আসিনি।’ বাংলা বিভাগের শিক্ষার্থী জাবের হোসেন বলেন, এই সড়কে যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চলে, তাতে যে কেউ যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে চারবার চিঠি দেওয়ার পরও সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।’এদিকে বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বেলা দেড়টার দিকে অবরোধকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশামের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে নির্বাহী প্রকৌশলী আজ সোমবারের মধ্যে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ার কথা নিশ্চিত করেছেন।