শাহজালাল মাজারে যাওয়ার পথে আশুগঞ্জে বাস উল্টে দুজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বাস উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আহত হয়েছে ৩০ জন। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৪০) ও অজ্ঞাতনামা ব্যক্তি (২৫)। তাঁদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী এলাকায়। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকি ৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের কালিহাতী থেকে ছেড়ে আসা সিলেটে শাহজালাল মাজারগামী ‘প্রভাতী বনশ্রী’ নামের একটি বাস গতকাল ভোরে আশুগঞ্জ গোলচত্বর এলাকার সড়কদ্বীপ পার হওয়ার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।